কক্সবাজারের টেকনাফে নাফনদীতে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় বিজিবি-মাদক কারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক অজ্ঞাত মাদক কারবারি নিহত দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। এসময় কাঠের নৌকাসহ বড় ধরনের ইয়াবার চালান জব্দ করা হয়েছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) জানান, শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১নং সুইচ গেট সংলগ্ন এলাকায় মিয়ানমার হতে বড় ধরনের মাদকের চালান আসার সংবাদের ভিত্তিতে বিশেষ একটি টহল দল স্পীডবোট নিয়ে কৌশলে টহলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি কাঠের নৌকা নিয়ে ৩জন ব্যক্তি শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করার সাথে সাথে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বিজিবির সদস্য জনি হোসাইন(২৬) এবং মোতালেব হোসাইন (৪২) আহত হয়।
এসমতাবস্থায় বিজিবি কৌশলী অবস্থান নিয়ে সরকারী সম্পদ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে নৌকা হতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়। অপর দুইজন নৌকা হতে লাফ দিয়ে ওপারে চলে যায়। গোলাগুলি থেমে যাওয়ার পর দ্রুত নৌকাটি জব্দ করে ১টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড কার্তুজের খালি খোসা এবং ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এরপর নদী হতে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার ব্যক্তি এবং আহত বিজিবি সদস্যদের দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ মাদক কারবারি মারা যায় এবং আহত বিজিবি সদস্যদের চিকিৎসা দেওয়া হয়।
এই ব্যাপারে সরকারী কাজে বাঁধা প্রদান, মাদকের চালান বহন এবং অবৈধ অস্ত্রের ব্যবহার আইনের পৃথক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআর