করোনা ভাইরাসের নিয়মিত সংক্রমণে নাকাল ভারত। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ হাজারের বেশি মানুষের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন ৫২০ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বুলেটিনে জানানো হয়, ভারতে একদিনে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৮৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৮৭ লাখ ৭৩ হাজার ৪৭৯ জন। নতুন প্রাণহানিসহ এখনও পর্যন্ত দেশটিতে ১ লাখ ২৯ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে।
বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৭ হাজার ৯৯২ জনসহ মোট সুস্থ রোগীর সংখ্যা ৮১ লাখ ৬৩ হাজার ৫৭২। গত কয়েক দিনে নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৭১৯ জন।
আরও পড়ুন: বরিস জনসনের প্রধান উপদেষ্টার পদত্যাগ
ভারতে এ পর্যন্ত যত কোভিড রোগীর মৃত্যু হয়েছে তার এক তৃতীয়াংশ মারা গেছে মহারাষ্ট্রে। দেশটিতে মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তামিলনাড়ু। এরপর ক্রমান্বয়ে রয়েছে পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ।
ইত্তেফাক/আরআই