নেটফ্লিক্স শোতে প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

 

ভারতে যখন স্ট্রিমিং প্লাটফর্মের ওপরে নানা নিষোধাজ্ঞার পরিকল্পনা চলছে, ঠিক তখনই বিগ বাজেটের শো নিয়ে আসছে নেটফ্লিক্স। একঝাঁক আন্তর্জাতিক তারকার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবি ‘উই ক্যান বি হিরোজ’-এর ফার্স্ট লুক প্রকাশিত হলো গত শুক্রবার। প্রিয়াঙ্কাকে এখানে একেবারেই নতুনরূপে দেখা যাচ্ছে।

অন্যদিকে বড় চমক দিয়েছেন করণ জোহর। তারকা-পত্নীদের নিয়ে নেটফ্লিক্সে নতুন শো আনছেন তিনি। যেখানে সোহেল খানের স্ত্রী সীমা খান, সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডেকে দেখা যাবে। আরো থাকছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নীলম, যিনি বিয়ে করেছেন অভিনেতা সমীর সোনিকে। এই রিয়্যালিটি সিরিজের নাম ‘ফ্যাবিউলাস লাইভস অব বলিউড ওয়াইভস’। সোশ্যাল মিডিয়া খুঁটিয়ে দেখলেই বোঝা যায় এরা ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে পার্টি করা থেকে বেড়াতে যাওয়া, সবকিছুতেই আছেন। শোয়ের ট্রেলার অনেকটা ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র আদলে তৈরি, শুধু চরিত্রগুলো বাস্তবের। তারকা-পত্নীদের চটকদার দুনিয়ার আড়ালে যে লড়াই এবং পরিশ্রম রয়েছে সেটি দেখানোই নাকি নির্মাতাদের উদ্দেশ্য। টিজারে এই গ্যাংয়ের মধ্যমণি গৌরী খান এবং শাহরুখ খানের এক ঝলক দর্শক কৌতুহলকে আরো বাড়িয়ে দিয়েছে।