তাইওয়ান নিয়ে পম্পেওর মন্তব্যে পালটা হুঁশিয়ারি চীনের

রয়টার্স

চীনের মূল স্বার্থকে ক্ষুণ্ন করে এমন কোনো পদক্ষেপের বিরুদ্ধে পালটা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাইওয়ান চীনের অংশ নয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এমন মন্তব্যের প্রতিবাদে বেইজিংয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রেডিওতে দেওয়া এক সাক্ষাত্কারে পম্পেও বলেন, ‘তাইওয়ান চীনের অংশ নয়। যুক্তরাষ্ট্র এখন সাড়ে তিন দশক আগের রিগ্যান প্রশাসনের নীতি মেনে চলেছে। তাইওয়ানকে সুরক্ষা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র আইনত বাধ্য।’

পম্পেওর এসব কথার প্রতিক্রিয়ায় বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। পম্পেও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার সম্পর্ক আরো খারাপ করছেন। আমরা পম্পেও এবং তার লোকদের জানাতে চাই, চীনের মূল স্বার্থকে ক্ষুণ্ন করে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, এমন আচরণের পালটা জবাব দেওয়া হবে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তাইওয়ান স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র । তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। উল্লেখ্য, তাইওয়ানে অস্ত্র বিক্রিতে মার্কিন কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা তাইপে ভ্রমণের সময় সেখানে জেট বিমানের মহড়া দেয় চীন।

এদিকে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ান ওয়ু পম্পেওকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, তাইওয়ান স্বাধীন ও সার্বভৌম দেশ। এটি চীনের অংশ নয়। এটাই বাস্তবতা ও বর্তমান অবস্থা। তাইওয়ানের কর্মকর্তারা আগামী সপ্তাহে ওয়াশিংটনে অর্থনৈতিক বিষয়ে বৈঠক করতে যাচ্ছেন বলে জানানো হয়েছে। এ বিষয়টি চীনকে আরো ক্ষুব্ধ করেছে।