নিজস্ব প্রযুক্তির আধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি আধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ভারত। গত শুক্রবার উড়িষ্যা উপকূলে কুইক রি-অ্যাকশন সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের (কিউআরএসএএম) পরীক্ষা চালানো হয়। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে গুলিবিনিময়ের দিনেই ঐ পরীক্ষা চালানো হয়। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত শুক্রবার কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে আন্তসীমান্ত গোলাগুলির ঘটনায় দুই পক্ষের অন্তত ১৪ জন নিহত হয়েছে। দুই দেশের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই প্রাণহানির সংখ্যা নিশ্চিত করে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, ঐ গোলাগুলিতে তাদের তিন সেনা, ছয় বেসামরিক নাগরিক এবং এক জন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। আর পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, তাদের পক্ষে প্রাণ হারিয়েছেন চার বেসামরিক নাগরিক। ভারতের দাবি, পাকিস্তানেরও কয়েক জন সেনাসদস্য নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাশ্মীর সীমান্তে তীব্র উত্তেজনার দিনেই উড়িষ্যার বালাসোর উপকূলে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র বহনযোগ্য লাঞ্চার থেকে ছোড়ার উপযোগী। এই লাঞ্চারে ছয়টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে বহন করা যায়। ভারতীয় বিবৃতিতে জানানো হয়েছে, উড়ন্ত যে কোনো লক্ষ্যবস্তুকে অতিদ্রুত শনাক্ত এবং তাতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। ভারতীয় সেনাবাহিনীর অভিযানের সময় আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্রটির নকশা করা হয়েছে।