স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো জীবনের ৩৫টি বসন্ত পার হলেও পারফর্ম করে চলেছেন ২০ বছর বয়সির মতোই। তার ফিটনেসেই মুগ্ধ হয়েছেন বিশ্বের এক সময়ের সবচেয়ে গতিশীল খেলোয়াড় ও আটবারের অলিম্পিক চ্যামিপয়ন উসাইন বোল্ট। জানালেন, রোনালদো তার চেয়েও বেশি গতিশীল! ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যতদিনই ছিলেন, মুকুটহীন রাজাই ছিলেন বোল্ট। ব্যক্তিগত জীবনে ম্যানচেস্টার ইউনাইটেড ভক্ত এই তারকা অ্যাথলেটিক্স ক্যারিয়ার শেষে ফিরতে চেয়েছিলেন ফুটবলেও। ওয়েস্ট কোস্ট মেরিনার্সের হয়ে অনুশীলন করলেও শেষতক আর ফুটবলার হয়ে ওঠা হয়নি বোল্টের। তাই বলে ফুটবলে তার আগ্রহটা কমেনি একটুও। সম্প্রতি মার্কাকে দেওয়া এক সাক্ষাত্কারে উঠে এসেছে তার সে ফুটবল-ভক্ত সত্তাটা। রোনালদোর প্রশংসায় তিনি বলেন, ‘আমার চোখে ক্রিশ্চিয়ানো অবশ্যই সেরা। আমার মনে হয় সে প্রতিদিন কাজ করে, সে একজন সুপার অ্যাথলেট।’ ক্যারিয়ার জুড়ে অজস্র ব্যক্তিগত ও দলীয় শিরোপা জেতা রোনালদো চলতি মৌসুমে সব প্রতিযোগিয়তা মিলিয়ে করেছেন ছয় গোল, করিয়েছেন আরো একটি। ক্যারিয়ার-সায়াহ্নেও এমন পারফরম্যান্স সম্ভব কঠোর পরিশ্রম করলেই, অভিমত বোল্টের। বললেন, ‘সে সবসময়ই তার খেলার সেরা, কঠোর পরিশ্রম করে সে। এখন তো মনে হয় আমার চেয়েও বেশি গতিশীল সে!’