অলিম্পিকেও টি-২০ চান দ্রাবিড়

অলিম্পিক গেমসে আবারও ক্রিকেট অন্তর্ভুক্ত করার দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে টি-২০ ক্রিকেট অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন দ্রাবিড়। সারা বিশ্বে ক্রিকেটের বিস্তারে এমন পদক্ষেপ প্রয়োজন। ‘এ নিউ ইনিংস’ নামের একটি বইয়ের ভার্চুয়াল উদ্বোধনে এ প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, ‘আমার মনে হয়, খেলাটির জন্য এটা দারুণ ব্যাপার হবে, যদি টি-২০ সংস্করণ অলিম্পিকে ইভেন্ট হয়। এখন অনেক দেশই ক্রিকেট খেলছে। আমি অবশ্যই টি-২০ খেলার সম্প্রসারণের পক্ষে।’ গত বছর আইসিসি জানিয়েছিল, ২০২৮ সালে অলিম্পিকে ক্রিকেটকে আবার অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে তারা। ১৯০০ সালে সর্বশেষ অলিম্পিকে ক্রিকেট দেখা গিয়েছিল। সেবার একমাত্র ম্যাচে ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়ে যুক্তরাজ্য জিতেছিল সোনার পদক।