তারাগঞ্জে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা

মো. খবির উদ্দিন, তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

রংপুরসহ আশপাশের এলাকায় রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। শীত জানান দিয়েছে তার আগমনি বার্তা। গত ১০ দিনে স্থানভেদে রাতের তাপমাত্রা কমেছে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস। সর্বত্রই এখন শীতের আমেজ বিরাজ করছে। অনেকেই শীত নিবারণে প্রস্তুতি নিতে লেপ, তোশক তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। আর লেপ-তোশক তৈরির কারিগরদেরও যেন দম ফেলার সময় নেই। তারাও লেপ, তোশক তৈরির কাজে ব্যস্ত। অনেকে ব্যবসাকেন্দ্রের স্থানের অভাবে পাশের মাঠে লেপ, তোশক তৈরির কাজ করছেন।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ১০ দিন আগে এই অঞ্চলে তাপমাত্রা ছিল ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এখন রাতের তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আবহাওয়া অফিসের তথ্যমতে এখন থেকে প্রতিদিন তাপমাত্রা কমবে। গত ১০ দিনে এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ১২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা শীত তেমন একটা অনুভূত না হলেও সন্ধ্যার পর অনেকে গরম কাপড় গায়ে দিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন। এছাড়া অনেক বাড়িতেই রাতে শোয়ার সময় শীত নিবারণ কম্বল অথবা লেপ ব্যবহার করতে শুরু করেছে। ব্যবসাকেন্দ্রেও শীতবস্ত্র কেনাবেচা শুরু হয়েছে পুরোদমে। মোট কথা, এ অঞ্চলের মানুষ শীত মোকাবিলার প্রস্তুতি গ্রহণ করছেন। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এখন প্রতিদিনই তাপমাত্রা কমছে। রংপুর অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা কমেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এখানে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে।