যশোর অফিস
যশোরের উপশহর বাবলাতলা ব্রিজ এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিরাজ (২৮) সদর উপজেলার পাগলাদহ মাঠপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে। ঘাতক ছোট ভাইয়ের নাম ইরান। মিরাজের বড় বোন ময়না বেগম জানান, ঘটনার দিন তার বাড়িতে ভাইবোনদের দাওয়াত ছিল। এ সময় পারিবারিক বিষয় নিয়ে মিরাজের সঙ্গে তার বাগিবতণ্ডা হয়। এক পর্যায়ে মিরাজ তাকে চড় মারে। ছোট ভাই ইরান বাধা দিতে গেলে তাকেও মারধর করে। পরে সব ভাইবোনের মধ্যে হাতাহাতি শুরু হলে ইরান ক্ষিপ্ত হয়ে মিরাজকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ তত্পরতা শুরু করেছে।