ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলসের চলতি অর্থবছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর ’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩৭ শতাংশ কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৫৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ দশমিক ৪৯ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ৯৩ টাকা বা ৩৭ শতাংশ কমেছে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ দশমিক ০৮ টাকায়। বিবিএস ক্যাবলসের ৬ কোটির বেশি প্লেসমেন্ট শেয়ার কোম্পানির কর্তাব্যক্তিরা নিজেদের নামে ও আত্মীয়-স্বজনদের নামে বরাদ্দ নেয় বলে প্রথম থেকেই অভিযোগ উঠে। নিয়ন্ত্রক সংস্থা এ অভিযোগের বিষয়ে তদন্তও করে। নিয়ন্ত্রক সংস্থার তদন্ত প্রতিবেদনেও কোম্পানির কর্তাব্যক্তিরা নিজেদের নামে ও আত্মীয়স্বজনদের নামে প্লেসমেন্ট শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়।