৭ ডিসেম্বর শুরু এনার্জিপ্যাকের আইপিও আবেদন

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর। কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

এনার্জিপ্যাক পুঁজিবাজারে আসার লক্ষ্যে ইতিমধ্যে বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে ৫০ শতাংশ অর্থ সংগ্রহ করেছে। এখন ৫০ শতাংশ শেয়ারের জন্য সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করবেন। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ারের সেই অর্থ সংগ্রহের লক্ষ্যে এনার্জিপ্যাকের আইপিও আবেদন গ্রহণের দিন নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা তাদের প্রান্তসীমা মূল্য ৩৫ টাকা নির্ধারণ করে। সাধারণ বিনিয়োগকারীরা সেই দাম থেকে ১০ শতাংশ কমে শেয়ার কিনবেন। প্রতিষ্ঠানটি শেয়ারবাজার থেকে উত্তোলিত ১৫০ কোটি টাকার ব্যবসা সম্প্রসারণ, ব্যাংকের ঋণ শোধ এবং আইপিওর খরচ মেটাতে ব্যয় করবে।

২০১৯ সালের ৩০ জুন প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ প্রতি শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়ায় ৪৫ দশমিক ১৫ টাকা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া প্রতি শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু ৩০ দশমিক ২০ টাকা। এ বছর প্রতিটি শেয়ারের আয় (ইপিএস) ৩ দশমিক ১৩ টাকা। গত পাঁচ বছরে গড়ে প্রতি শেয়ারের আয় ২ দশমিক ২১ টাকা। —প্রেস বিজ্ঞপ্তি