জিঞ্জিরা ট্রলারঘাটে জরাজীর্ণ পন্টুন, ঝুঁকি নিয়ে ওঠানামা

উদ্যোগ নেই মেরামতের

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

কেরানীগঞ্জের জিঞ্জিরা ট্রলার ঘাটের জরাজীর্ণ পন্টুন মেরামতের উদ্যোগ নেই। বাধ্য হয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রীকে ঝুঁকি নিয়ে এ পন্টুন মাড়িয়েই ট্রলারে ওঠানামা করতে হয়। বুড়িগঙ্গা নদী পারাপারের জন্য মিটফোর্ড, শোয়ারিঘাট ও ওয়াইজঘাটগামী ট্রলারগুলো এ পন্টুন ব্যবহার করে থাকে। এ ঘাটগুলোর বিআইডব্লিউটিএ নির্ধারিত ইজারাদাররা পন্টুন ব্যবহারের জন্য যাত্রীদের কাছ থেকে মাথাপিছু পাঁচ টাকা করে টোল নিয়ে থাকে। অথচ পন্টুন মেরামতের ব্যাপারে তারা উদাসীন। যাত্রীদের অভিযোগ, এ বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা এড়িয়ে যায়। ট্রলার ঘাটের একমাত্র পন্টুনটি জরাজীর্ণ হয়ে পড়ায় প্রায়ই ঘটে দুর্ঘটনা।

জিঞ্জিরা ট্রলার ঘাট পরিচালনাকারী ইজারাদার হাজি মো. শাকুর হোসেন সাকু জানান, পন্টুনটি পরিবর্তন করার জন্য তারা বিআইডব্লিউটিএকে একাধিক বার জানালেও বিষয়টি তারা আমলে নিচ্ছে না। তিনি জানান, দ্রুত এ পন্টুনটি মেরামত না করা হলে যে কোনো মুহূর্তে পন্টুনটি ডুবে যেতে পারে। ঢাকা নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্মপরিচালক গুলজার হোসেন জানান, তিনি অল্প কিছুদিন আগে দায়িত্ব নিয়েছেন। তাই সবকিছু এখনো দেখা সম্ভব হয়নি। তবে ঝুঁকিপূর্ণ পন্টুনটি পরিদর্শন করে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।