বাসে আগুন সন্ত্রাসীদের খুঁজে বের করতে হবে :জি এম কাদের

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ১২ নভেম্বর কারা বাসে আগুন দিয়েছে তা বের করতে হবে। সরকার বিএনপিকে দোষ দিচ্ছে, বিএনপি বলছে তারা দায়ী নয়। আগুন সন্ত্রাস মেনে নেওয়া যায় না। কোনো মতেই দেশকে অস্থিতিশীল করতে দেওয়া যাবে না। আগুন সন্ত্রাস প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গতকাল তার বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মত্স্যজীবী পার্টির পরিচিতি ও মতবিনিময় সভায় এ কথা বলেন।

সভায় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, গ্রামের বাজারে মাছ বিক্রি করতেও ক্ষমতাসীনদের টোল দিতে হয়, এটা সভ্য সমাজে বেমানান। দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হয়েছে। কিন্তু সরকার সেই টাকা দেশে ফেরত আনতে উদ্যোগ নিচ্ছে না। মত্স্যজীবী পার্টির সভাপতি আজাহার সরকারের সভাপতিত্বে ও মীর সামসুল আলম লিপটনের পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ। এদিকে, কয়েক জন নারী সংগঠক গতকাল জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাপায় যোগ দেন।