যশোরে মঞ্চ মাতালেন তৃতীয় লিঙ্গের নৃত্যশিল্পীরা

যশোর অফিস

যশোরে ব্যতিক্রমী আয়োজনে মঞ্চ মাতালেন তৃতীয় লিঙ্গের নৃত্যশিল্পীরা। শুক্রবার রাতে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচেগানে দর্শকদের মাতিয়ে তোলেন তারা। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপির) সহযোগিতায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও অর্পণ মানবকল্যাণ সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে।  শুক্রবার বিকাল থেকেই তৃতীয় লিঙ্গের নানান বয়সি সদস্যরা যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসতে শুরু করেন। সন্ধ্যায় উদ্বোধনের পর শুরু হয় নৃত্যানুষ্ঠান।

হিজড়া নৃত্যগোষ্ঠী সত্তার (এসেন্স অব সোল) সদস্যদের পরিবেশনা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন দর্শকরা। অর্পণ মানবকল্যাণ সংস্থার শিল্পীরাও মঞ্চ মাতিয়ে তোলেন। ঢাকা ও যশোরের ২৫ শিল্পী তাদের নৃত্য পরিবেশনায় দর্শকদের মোহিত করেন।  অর্পণ মানবকল্যাণ সংস্থার সভাপতি মো. মোসলেম শেখ বাবু জানান, তৃতীয় লিঙ্গের সদস্যদের অপবাদ ও বৈষম্য দূর এবং তাদের মানবাধিকার উন্নয়ন ও সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।