ইত্তেফাক রিপোর্ট
রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবু হেনা আর নেই। গতকাল শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ... রাজিউন)। পারিবারিক কবরস্থানে দাফনের উদ্দেশ্যে গতকালই তার মরদেহ রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছে।
মরহুম আবু হেনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত অ্যাডভোকেট হাবিব ইত্তেফাককে জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে চিকিত্সাধীন থাকা অবস্থায় করোনার ফল নেগেটিভ আসায় তাকে আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়। এরই মধ্যে গতকাল পরপর তিনবার তার হার্ট অ্যাটাক হয়। পরে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, ওয়ান-ইলেভেনের সময় সংস্কারপন্থি হওয়ায় দীর্ঘদিন বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন ছিল আবু হেনার। পরে আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।