আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী | গতকাল শনিবার যুবলীগের চেয়ার-ম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে প্রকাশিত তালিকায় এ ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যুক্ত হলেন ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় ও তরুণ এই এমপি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে প্রয়াত সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র নিক্সন চৌধুরী। ইলিয়াস আহমেদ চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী) মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও পূর্ণ মন্ত্রীর মর্যাদায় বর্তমান একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় নিক্সন চৌধুরী নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ডক্টর শেখ ফজলে শামস পরশ ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
নিক্সন চৌধুরীকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় তার নির্বাচনি এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। বিকাল হতেই ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে থাকেন। কেন্দ্রীয়ভাবে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার নেতাকর্মী পার্টি স্প্রেসহ রং ছিটিয়ে আনন্দে মেতে ওঠেন। নিক্সন চৌধুরী এ সময় মোবাইলে দেওয়া বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে ফরিদপুর-৪ আসনের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার রাজনীতি জনগণের জন্য, জনগণের ভালো-মন্দে আমি সব সময় তাদের পাশে থেকেছি। প্রকৃত উন্নয়নের মাধ্যমে ফরিদপুর-৪ আসনকে রোল মডেল হিসেবে গড়ে তুলেছি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে আগামীতেও আমি তার আদর্শে রাজনীতি করে দেশ-দশের জন্য কিছু করতে চাই।’
উল্লসিত নেতাকর্মী-সমর্থক ও এলাকাবাসীর উদ্দেশে নিক্সন চৌধুরী আরো বলেন, ‘ফরিদপুর-৪ আসন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে আগেও পরিচিত ছিল, এখনো আছে, এমনকি আগামীতেও থাকবে। এ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে দুই বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তার মানে এই নয় যে, তারা আওয়ামী লীগের বিপক্ষে। মূলত জনগণের ক্ষোভ ছিল বিশেষ একজন ব্যক্তির বিরুদ্ধে। আজ আমাকে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার করা হয়েছে। আমি আমার নেতাকর্মীসহ সবাইকে বলব—আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে একত্রে কাজ করি। প্রধানমন্ত্রীর দূরদর্শী সাহসিকতার কারণেই আজ স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। হাইওয়ে এক্সপ্রেস হয়েছে। তার এই উন্নয়নকে কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলের খেটে খাওয়া জনগণের ভাগ্যের পরিবর্তন করতে সবাই একসঙ্গে কাজ করি।’ ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের উপস্থিতিতে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলরগণ ও শিক্ষকরা। আনন্দ মিছিল করতে করতে নেতাকর্মী-সমর্থকরা শহর প্রদক্ষিণ করেন। এ সময় মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যানকে ধন্যবাদ জানানো হয়।
গতকাল বিকালে নিক্সন চৌধুরীকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করার খবর জেলায় এসে পৌঁছালে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উত্সব শুরু হয়। সন্ধ্যায় ‘বঙ্গবন্ধু ফ্যানস ক্লাব’ এর আয়োজনে ফরিদপুর শহরের মুজিব সড়কে আনন্দ মিছিল করা হয়। মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দিয়ে আনন্দ করেন। এ সময় সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস এম এম নাছির, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমামুল মিয়া আজম, স্বেচ্ছাসেবক লীগ শহর শাখার সহসভাপতি মোস্তাক খান, যুবলীগ নেতা সিফাত ইবনে হুদা, সাবেক ছাত্রনেতা মুন্সী সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় সদরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে নেতাকর্মীরা হাসপাতাল মোড় থেকে বাদ্যযন্ত্রসহ বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। নিক্সন চৌধুরীকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় নেতাকর্মীরা সদরপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এছাড়া চর ভদ্রাসনেও আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মী-সমর্থকরা।
প্রসঙ্গত, মজিবুর রহমান নিক্সন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর-৪ আসন থেকে ২০১৪ সালে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিপুল ভোটে টানা দ্বিতীয় বার এমপি নির্বাচিত হন।