স্ত্রীর সংবাদ সম্মেলনের চার ঘণ্টা পর মিলল যুবদল নেতার লাশ

সীতাকুণ্ডে অপহরণের পর যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। চার দিন আগে অপহরণের ঘটনায় গতকাল তার স্ত্রী স্বামীকে উদ্ধারের জন্য আকুতি-মিনতি জানিয়ে সংবাদ সম্মেলন করার মাত্র চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মো. জামশেদ উদ্দিন (৩২)। তিনি মুরাদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

অপহরণের রাতে তার স্ত্রী রুবি আক্রার ১৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করলেও কোনো লাভ হয়নি। ঐ মামলায় পুলিশ দুই জনকে আটক করে। তবে জামশেদকে উদ্ধারের বিষয়ে তত্পরতা দেখায়নি বলেও অভিযোগ করেন তার স্ত্রী। 

জানা যায়, গত ১১ নভেম্বর বিকাল ৪টায় ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর বেড়িবাঁধের সাগর পাড়ে অপহরণের শিকার হন জামশেদ উদ্দিন। গত ৭ নভেম্বর থেকে তিনি চট্টগ্রাম শহরে থাকতেন। সংবাদ সম্মেলনে তার স্ত্রী জানান, সেদিন তার স্বামী ফোন করে জানান তার সঙ্গে কয়েক জন লোক রয়েছে। সন্ধ্যার পর তারা তাদের বাসায় এসে ভাত খাবেন। এজন্য তিনি তার স্ত্রীকে রান্না করতে বলেন। পরে রাতের দিকে তিনি লোকজনের থেকে জানতে পারেন তার স্বামীকে কয়েক জন মিলে মারধর করে ধরে নিয়ে গেছে। এরপরই তিনি থানায় মামলা করেন। চার দিন পর সাগর পাড় থেকেই তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা বিএনপি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে     আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

পুলিশ জানায়, লাশটি জামশেদের বলে তার পরিবার শনাক্ত করে এবং লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, গত বুধবার থেকে জামশেদের খোঁজ না পেয়ে তার স্ত্রী বৃহস্পতিবার থানায় অপহরণ মামলা করেন।