মানিকগঞ্জে শিশুকে নওগাঁয় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

মানিকগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণচেষ্টায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নওগাঁয় এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে ঐ গৃহবধূ ও তার স্বামীকে নানাভাবে হুমকি দিচ্ছে অভিযুক্ত ব্যক্তি। প্রতিনিধিদের পাঠানো খবর।

সিংগাইর (মানিকগঞ্জ) :বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাঈম হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নাঈম হরিরামপুরের সরকার কান্দি বয়ড়া গ্রামের মো. কালামের ছেলে। এ ব্যাপারে গত শুক্রবার সন্ধ্যায় শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা করলে রাত ৯টার দিকে হরিরামপুর থানা পুলিশ নাঈমকে গ্রেফতার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)        মো. মুঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

নিয়ামতপুর (নওগাঁ) :নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নের ভালাতৈড় গ্রামের এক গৃহবধূকে (২০) ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে এখন উলটো তাদেরই নানাভাবে হুমকিধমকি দিয়ে আসছে অভিযুক্ত কামরুজ্জামান। ঐ ঘটনার কয়েক দিন পর ভিকটিম বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগ দিলেও পুলিশ কামরুজ্জামানকে গ্রেফতার করতে পারেনি। গ্রামবাসী দ্রুত কামরুজ্জামানকে গ্রেফতার করে শান্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে একজন এসআইকে ঘটনাস্থলে পরিদর্শনে পাঠিয়েছিলাম। ভিকটিম অভিযোগ দায়ের করলেও মামলা করতে নারাজ।