মিয়ানমারে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সে বিষয়ে হয়ত বাইডেন সরকার সোচ্চার হবে ------------------ পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সম্প্রতি মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে এখন অং সান সূচি সরকারের বহির্বিশ্বের কাছ থেকে বদনাম ঘোচানোর পালা। বর্তমানে মিয়ানমারে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সে বিষয়েও হয়তো বাইডেন সরকার সোচ্চার হবে বলেও আশা ব্যক্ত করেন মন্ত্রী। গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিদর্শনে এসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা বলেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ’৬৯-এর গণঅভ্যুত্থানে শহিদ শিক্ষক ড. শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন অত্যন্ত পরিপক্ক রাজনীতিবিদ। তার সঙ্গে এর আগেও আমরা কাজ করেছি। তিনি নির্বাচিত হওয়ার ফলে আমেরিকার সঙ্গে আমাদের অনেক বেশি কাজ করার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার সম্পর্ক আরো উন্নত হওয়ার প্রয়াস ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি, বাইডেন সরকারের সময় বিশ্বে কোনো ধরনের যুদ্ধ বা ধ্বংসাত্মক কার্যক্রম হবে না। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্কের আরো উন্নতি ঘটবে। ব্যবসা-বাণিজ্য, অভিবাসীসহ সব ধরনের কার্যক্রমে বাইডেন সরকার বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে।

পুষ্পস্তবক অর্পণের সময় বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক আব্দুস সোবহান, প্রোভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম এ বারী, প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

নাটোরে পর্যটনের স্থান পরিদর্শন

এদিকে নাটোর প্রতিনিধি জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নাটোরের উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়িসহ বিভিন্ন পর্যটন স্থান পরিদর্শন করেন। গতকাল নাটোর সার্কিট হাউজে বিভিন্ন পর্যটন স্থান পরিদর্শন শেষে তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, রাজ রাজন্যের ইতিহাস সমৃদ্ধ অপার সৌন্দর্যের স্থান নাটোরে এসে তিনি অভিভূত। এখানে পর্যটনের বিশাল সম্ভাবনা আছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের সুবিধার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে ব্যবস্থা গ্রহণ করেছে।