কাওরানবাজারে ক্রেতাদের পরিবেশ ফিরিয়ে আনা হবে —ডিসি হারুন

রাজধানীর কাওরানবাজারে ব্যবসায়ীবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি করেছে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। গতকাল শনিবার কাওরান বাজারে ব্যবসায়ী সমিতির সঙ্গে তেজগাঁও থানা পুলিশের মতবিনিময় সভায় নেতৃবৃন্দ পুলিশের কাছে এই দাবি তোলে। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ। সভায় বক্তব্য রাখেন, কাওরানবাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কাব্যকস সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বাশার ভুঁইয়া, পাঁচ তারা মত্স্য আড়ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ১ নম্বর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শাহজাহান ভুঁইয়া প্রমুখ।

কাওরানবাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, কাওরানবাজারে প্রধান সড়কের প্রশস্ততা ১২০ ফুট। এই সড়কের দুই পাশে অবৈধ দোকানের কারণে রাস্তার প্রশস্ততা ৪০ ফুটও মিলে না। ফলে কাওরানবাজারে গাড়ি নিয়ে ক্রেতারা প্রবেশ করতে পারে না। কিচেন মার্কেটের পশ্চিমপাশে মসজিদের সামনে পিকআপ গাড়িগুলো পার্ক করে রাখার ফলে ক্রেতারা এই মার্কেটে আসতে চান না। কাওরানবাজারে ভাসমান নারীদের দিয়ে প্রকাশ্যে মাদক বিক্রি করা হয়। এতে এই বাজার থেকে ক্রেতারা মুখ ঘুরিয়ে নিচ্ছেন।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশীদ ব্যবসায়ীদের মাদক, সন্ত্রাস, ফুটপাতে ব্যবসা, চাঁদাবাজি ও যানজটের অভিযোগগুলো শুনে তা দ্রুত সমাধান করার আশ্বাস দেন। তিনি বলেন, ক্রেতারা কাওরানবাজারে আসতে যেন হয়রানির শিকার না হন—সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রুবায়েত, সহকারী কমিশনার মাহমুদ খান ও তেজগাঁও থানার ওসি সালেহ উদ্দিন বক্তব্য দেন।