ভারতের পশ্চিবঙ্গের শক্তিমান প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সংকটাপন্ন। গতকাল শনিবার তার চিকিত্সকরা জানিয়েছেন, তিনি জীবন্মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ধীরে ধীরে সব আশা ক্ষীণ হয়ে আসছে। ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। সাড়াও দিচ্ছেন না সৌমিত্র। তিনি চেতনাহীন অবস্থায় কলকাতার বেলভিউ নার্সিং হোমের ভেন্টিলেশনে রয়েছেন।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিত্সাক দলের প্রধান ডা. অরিন্দম কর গতকাল বিকালে জানান, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মনে হচ্ছে, তাকে সুস্থ করে তোলার জন্য আমাদের ৪১ দিনের লড়াই যথেষ্ট নয়। আপাতত আমাদের নতুন কিছু বলার নেই। তিনি যাতে ভালো হয়ে ওঠেন, সবাইকে সেই প্রার্থনা করতে হবে।
এর আগে গত শুক্রবার রাতে ৮৫ বছর বয়সি এই অভিনেতার চেতনাস্তর পাঁচে নেমে গেছে। কয়েক দিন আগেও তার চেতনাস্তর ৯ থেকে ১০-এর মধ্যে ছিল। চিকিত্সকরা জানান, এই চেতনাস্তর তিনে নেমে গেলে চিকিত্সাশাস্ত্রে ব্রেন ডেথ হিসেবে বিবেচনা করা হয়।
গত ১ অক্টোবর থেকে বাড়িতে থাকাকালীন তার জ্বর ওঠে। তবে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি। পরে করোনার নমুনা পরীক্ষা করা হলে ৫ অক্টোবর তার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। ৬ অক্টোবর তাকে ভর্তি করানো হয় বেলভিউ নার্সিং হোমে। গত ১৪ অক্টোবর তার করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। এরপরই সৌমিত্র সুস্থ হতে থাকেন। যদিও করোনা ছাড়া তার অন্যান্য রোগও রয়েছে। এর মধ্যে রয়েছে প্রোস্টেট ক্যানসার, সিওপিডি, প্রেশার প্রভৃতি। খবর আনন্দবাজার