অবস্থার আরও অবনতি

লাইফ সাপোর্টে সাড়া দিচ্ছেন না সৌমিত্র

উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু তাতেও তিনি ঠিকমতো সাড়া দিচ্ছেন না।

শনিবার রাতে কলকাতার বেলভিউ নার্সিং হোমের চিকিৎসক অরিন্দম কর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে জানান, আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত ৪০ দিন ধরে সব ধরনের চেষ্টা চালিয়েছি। তার অবস্থা আরও সঙ্কটজনক হয়েছে।

তিনি বলেন, সৌমিত্রকে নিয়ে এখন অলৌকিকেই ভরসা করতে হবে আমাদের। হাসপাতালে আসার জন্য সৌমিত্রের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের তিন দিন আগে শ্বাসনালিতে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফলও হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। শ্বাসনালিতে অস্ত্রোপচারের পর সৌমিত্রকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল।

গত ৬ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর ১৪ অক্টোবর অভিনেতার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু কোভিড এনসেফেলোপ্যাথির কারণে তার স্নায়ুতে প্রভাব পড়ে। এরপর থেকেই প্রায় অচেতন তিনি। মাঝে কয়েকদিন চোখ মেলে সাড়া দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ আবার তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

ইত্তেফাক/বিএএফ