বন্যায় আলহাজ শফিউদ্দিন মিঞা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভবন ভেঙ্গে জরাজীর্ণ হওয়ায় দুই শতাধিক শিক্ষক-কর্মচারী চরম বিপাকে পড়েছেন।
বন্যার পানির প্রবল স্রোতে স্কুলের ভবন ভেঙ্গে পুকুরে চলে যাওয়ায় পাঠদান করা সম্ভব হচ্ছে না বলে শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছেন। রবিবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে জরাজীর্ণ অবস্থা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপির পরামর্শ ও সহযোগিতায় তার চাচা শিক্ষানুরাগী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়নি।
চলতি বছর দীর্ঘস্থায়ী বন্যায় বিদ্যালয়ের ভিতরে পানি প্রবেশ করে দুইটি আধপাকা ভবন ভেঙ্গে গেছে। অন্যান্য ভবনগুলোও ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনগুলো ভেঙ্গে যাওয়ায় পাঠদান পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে শিক্ষকগণ জানিয়েছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাজিবুল হাসান রাসেলের সঙ্গে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা হলে তিনি বলেন, পৌরসভার ভিতরে সুন্দর ও মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও বন্যায় দুইটি ভবন পুরোপুরি ভেঙ্গে গেছে। বাকী ভবনগুলো ঝুঁকিপূর্ণ। ফলে পাঠদান চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ভবনগুলো দ্রুত সংস্কার ও মেরামতের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ প্রশাসনের নিকট জোর দাবি জানান তিনি।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মির্জাপুর উপজেলার আলহাজ শফিউদ্দিন মিঞা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভবন তৈরির জন্য ১০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প পাস হলেই কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে।
ইত্তেফাক/জেডএইচ