খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়ক অবরোধ করেছে ছাত্রলীগের একটি অংশ। এ সময় তারা পর্যটকদের গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- দীঘিনালা ছাত্রলীগের অপু চৌধুরী, বাবলু চৌধুরী ও আমানুর রহমান শান্ত।
জানা গেছে, শনিবার জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ যৌথ স্বাক্ষরে দীঘিনালা ও মাটিরাঙা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটি ঘোষণার পর দীঘিনালা উপজেলার ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা সকাল থেকে দীঘিনালা বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেন। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় সাজেকগামী পর্যটকবাহী গাড়িগুলো সেখানে পৌঁছলে হামলা ও ভাঙচুর চালানো হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব ভাঙচুরের কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ