‘ফের ফুটবলের প্রেমে’ বেল

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদে এক রকম ব্রাত্যই হয়ে পড়েছিলেন গ্যারেথ বেল। গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সাকুল্যে ১০০০ মিনিটও খেলেননি। চলতি মৌসুমের শুরুতে তার টটেনহ্যাম হটস্পারে ফেরায় পালটেছে দৃশ্যটা। ওয়েলস সহকারী কোচ রবার্ট পেজ একে দেখছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকার ‘আবারও ফুটবলের প্রেমে’ পড়া হিসেবে।

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে সে আবারও তার ফুটবলটাকে উপভোগ করতে শুরু করেছে। টটেনহ্যামের মতো জায়গায় তার এমন একজন কোচ আছে যে তার উপস্থিতিটা চায়, প্রতি সপ্তাহেই খেলাতে চায়। এর ফলে এমন একজন খেলোয়াড় আমরা ফেরত পেয়েছি যে আবারও ফুটবলকে ভালোবাসতে শুরু করেছে, নিজের খেলাটাকে উপভোগ করছে। আশাকরি এর ফলও আমরা ভোগ করব অচিরেই।’