ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় রবিবার সকালে নিজ এলাকায় আসেন। তার পৈত্রিক বাড়ি শিবচরের দত্তপাড়ায় তার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত করেন। এরপর তার নিজ বাসভবন ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া গ্রামে আসেন তিনি। এ সময় সেখানে উপস্থিত হাজারো নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। কয়েক ঘণ্টাব্যাপী চলা ফুলেল শুভেচ্ছা শেষে উপস্থিত সেই নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
তিনি এ সময় বলেন, যুবলীগকে শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, আমার জীবনের প্রথম যৌবন শেষ করেছি জনগণকে ভালোবেসে। জনগণও আমাকে ভালোবেসে দুই বার এমপি নির্বাচিত করেছে। এখন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যে দায়িত্ব আমার ওপর দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি এর আগে দুই বারই স্বতন্ত্র এমপি হয়েছি। তখন আমি বিভিন্ন জনসভায় একটি কথাই বলেছি শেখ হাসিনার হাতকে শক্ত করতে সকল ধরনের কাজ করা হবে। ফরিদপুর-৪ আসনের জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নৌকায় উঠব ইনশাআল্লাহ। আজ আমাদের সেই শুভক্ষণ এসেছে, তাই মুখের বুলি দিয়ে নয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিব বঙ্গবন্ধুর নৌকার কোনো অবমাননা এই আসনে হয় নাই। নৌকার ঘাটি হিসেবে ফরিদপুর আগেও যেমন নাম ছিল এখনো তেমনই থাকবে।
নিক্সন চৌধুরী এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার স্বপ্নকে পূরণ করতে সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে। ফুলেল শুভেচ্ছা অনু্ষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর শাহিন, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসনের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।