লঞ্চ থেকে পড়ে যাওয়া নারী উদ্ধার

বরিশাল অফিস

বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চ থেকে শনিবার রাতে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া নারী যাত্রী ফাল্গুনীকে (৩৫) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে জেলেরা। উদ্ধার হওয়া ঐ নারীর বাড়ি ভোলার লালমোহন এলাকায়। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ঢাকাগামী এমভি সুন্দরবন-১০ লঞ্চের ডেক যাত্রী ছিলেন। স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল জানান, তাকে নদী সংলগ্ন সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মক্রমপ্রতাপ গ্রামের জেলে আলম চৌকিদারের বাড়িতে রাখা হয়েছে। সে-ই ঐ নারীকে উদ্ধার করে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সুন্দরবন-১০ লঞ্চের সুপারভাইজার মো. হারন-অর-রশিদ জানান, রাত পৌনে ১০টার দিকে ঢাকাগামী লঞ্চটি কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকা অতিক্রমের সময় ঐ নারী নদীতে পড়ে যায়। জেলে মো. কালাম জানান, দুই জন জেলে নৌকায় চরমোনাই পয়েন্টে মাছ শিকারের সময় ঐ নারীকে প্রায় নিস্তেজ অবস্থায় উদ্ধার করে।