দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে রবিবার সকালে ছাত্রলীগের পদবঞ্চিতরা সড়ক অবরোধ করেন। এ সময় পর্যটকদের গাড়িতে হামলা ও অন্তত তিন/চারটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ তিন জনকে আটক করেছে। আটককৃতরা হলো—দীঘিনালা ছাত্রলীগের অপু চৌধুরী, বাবলু চৌধুরী ও আমানুর রহমান শান্ত। জানা গেছে, শনিবার জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ যৌথ স্বাক্ষরে দীঘিনালা ও মাটিরাঙা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এরপর দীঘিনালা উপজেলার ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা রবিবার সকাল থেকে দীঘিনালা বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে টায়ার জালিয়ে বিক্ষোভ করে। এ সময় সাজেকগামী পর্যটকবাহী গাড়িগুলো পৌঁছলে হামলা ও ভাঙচুর চালানো হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।