দুই স্কুলছাত্রসহ সড়কে প্রাণ গেল চার জনের

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রসহ চার জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ও শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

বাকেরগঞ্জ (বরিশাল): বাকেরগঞ্জে বরিশালগামী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. রিপন খান নামের এক পথচারী নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজারের ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন খান ঝালকাঠীর নলছিটি উপজেলার কুশাঙ্গলের বাউমহল গ্রামের মৃত চাঁন খানের ছেলে। বাকেরগঞ্জ  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম জানান, থানা পুলিশ লাশ উদ্ধার এবং ঘাতক অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।

মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়ায় শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় রাব্বি ফরাজি (১৬) ও ইমন বেপারী (১৭) নামের দুই স্কুলছাত্র মারা গেছে। নিহতরা স্থানীয় সাফা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। রাব্বি সাফা গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর ফরাজীর ছেলে ও ইমন বেপারী ঐ এলাকার আব্দুল হালিম বেপারীর ছেলে। তারা তিন বন্ধু মোটরসাইকেলে করে মিরুখালী বাজার থেকে বাড়ি ফিরছিল। তেঁতুলবাড়িয়া সড়কে এসে মোটরসাইকেলটি পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।  স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক রাব্বি ফরাজীকে মৃত ঘোষণা করেন। আহত দুই জনকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সময় পথে ইমন বেপারীর মৃত্যু হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডুমুরিয়া (খুলনা): কয়রায় শ্বশুর বাড়ির দাওয়াত খেয়ে স্ত্রীকে নিয়ে খুলনায় লবণচোরায় নিজ বাড়িতে ফেরা হলো না মতিন গাজীর (৬০)। রবিবার বেলা ১১টার দিকে ট্রাক তার প্রাণ কেড়ে নেয় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া কলেজের সামনে। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মতিন গাজী। খর্নিয়া হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোফাজ্জেল হোসেন জানান, ট্রাক এবং চালক আজিম খানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ছেলে হাফিজুর রহমান গাজী বাদী হয়ে মামলা করেছেন। ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।