ঢাকা শহরে খেলার মাঠের অপ্রতুলতা

দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, ঢাকা শহরে খেলার মাঠের বড়ই অভাব। গুটি কয়েক যে মাঠ রয়েছে, তাও বিভিন্ন সিন্ডিকেটের দখলে। খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। গুটি কয়েক মাঠে খেলার সুযোগ মেলে না। মাঝে মাঝে খেলতে পারলেও খুবই অল্প সময়ের জন্য সুযোগ হয়। খেলা  ১০ মিনিট হতে না হতেই  নানা অজুহাতে মাঠ থেকে চলে যেতে বাধ্য করে সিন্ডিকেটচক্র বা অবৈধ দখলকারী। এতে মনোমালিন্যের সৃষ্টি হয়। কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা পর্যন্ত ঘটে! বিভিন্ন পাড়া-মহল্লায় মারামারি পর্যায়ে চলে যায়। যা সত্যি অপ্রত্যাশিত আমাদের তরুণসমাজের জন্য। তরুণসমাজ যখন খেলাধুলা থেকে বঞ্চিত হয়, তখন তারা বিভিন্ন অপকর্মে যুক্ত হয়ে পড়ে। মানসিক হতাশার সৃষ্টি হয়। যার ফলে মাদক থেকে শুরু করে সব ধরনের অনৈতিক কাজের বিস্তৃতি ঘটছে। যা পরিবার, সমাজ ও রাষ্ট্রের  জন্য হুমকিস্বরূপ। সুতরাং শিশু থেকে কিশোর ও যুবকের মানসিক ও শারীরিক পরিচর্যা এবং বিকাশের জন্য চাই খেলাধুলা করার মাঠ। এজন্য সিটি করপোরেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যেন অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় খেলার মাঠের বিষয়টি বিবেচনা করা হয়। মনে রাখতে হবে, সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।

নাজমুল হক নাহিয়ান

শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ,

ঢাকা কলেজ