নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
নাগরপুরে লাভলী আক্তার (২৭) নামে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী লুত্ফর রহমানের বিরুদ্ধে। গতকাল রবিবার বিষ খাওয়া অবস্থায় লাভলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী লুত্ফর রহমান। তার ভাষ্যমতে, লাভলী আত্মহত্যা করতে বিষ খেয়েছে। এ ঘটনার পর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান অভিযুক্ত স্বামী লুত্ফর রহমান। লাভলী আক্তার উপজেলার কোকাদাইর গ্রামের মো. চাঁন মিয়ার মেয়ে এবং বনগ্রাম গ্রামের আরান আলীর ছেলে লুত্ফরের স্ত্রী। ঘটনার পর থেকে লুত্ফর ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে বলে জানায় প্রতিবেশীরা।
লাভলীর ভাই ওমর ফারুক বলেন, ‘দাম্পত্য কলহের জের ধরে মাঝেমধ্যেই আমার বোন লাভলীকে মারধর করত তার স্বামী। এ নিয়ে বেশ কয়েকবার সালিশও হয়েছে। গতকাল আমার বোন ফোন দিয়ে জানান, তাকে তার স্বামী মারধর করেছে এবং তাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসতে বলেন। আমি বোনকে আনার জন্য বাড়ি থেকে বের হই। পথিমধ্যে দুলাভাই ফোন দিয়ে বলেন তোমার বোন বিষ খেয়েছে হাসপাতালে আসো। ফারুক অভিযোগ করে বলেন, ‘দুলাভাই আমার বোনকে মেরে জোর করে বিষ খাইয়ে আত্মহত্যা বলে প্রচার করছেন।