সকিছুর চালিকাশক্তি হলো মানবসম্পদ উন্নয়ন :তাপস

ইত্তেফাক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ১২ বছরের মধ্যে ভঙ্গুর কালো তালিকাভুক্ত একটি দেশে নতুন আস্থা ও নতুন আশার সঞ্চার করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল রবিবার নগর ভবনের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে করপোরেশনের কর কর্মকর্তা ও সহকারী কর কর্মকর্তাদের ই-রেভিনিউ ও ই-ট্রেড লাইসেন্স-সংক্রান্ত সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, সিঙ্গাপুরের জাতির পিতা লি কন ইউ অবকাঠামোগত উন্নয়নকে দুই ভাগে ভাগ করেছিলেন। একটি হলো হার্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আরেকটি হলো সফট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। বাড়িঘর, রাস্তাঘাটের উন্নয়ন—এসব হার্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আর এই হার্ড ইনফ্রাস্ট্রাকচার পরিচালনার জন্য যে মেধা দরকার, যে সক্ষমতা দরকার, যে প্রশিক্ষণ দরকার, যে মানবসম্পদ উন্নয়ন দরকার, সেটাই হলো সফট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। সুতরাং সবকিছুর চালিকাশক্তিই হলো মানবসম্পদ উন্নয়ন। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব মো. রোকন উদ্দিনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক বক্তব্য রাখেন।