আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে বস্তার নিচে চাপা পড়ে হুমায়ুন আহাম্মদ (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের মানেহর গ্রামে গৌতম চন্দ রায়ের মালিকানাধীন শক্তি এডিবল তেল তৈরির কারখানায় এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন সুনামগঞ্জ জেলা সদরের নারায়ণতলা কামার ভিটা গ্রামের ময়না মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম জানান, ঐ তেল তৈরির কারখানায় হুমায়ুন শ্রমিকের কাজ করে আসছিল। রাতে ট্রাক থেকে তেল তৈরির জিনিস খৈল ভরা বস্তা নিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় পা পিচলে পড়ে যায়। এ সময় বস্তাটি তার ওপর পড়লে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।