আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, নিজেদের অপরাধ অন্যের ওপর চাপানো বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। গতকাল রবিবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণকে আগুনে পুড়িয়ে বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে, এটা তাদের তামাশা ছাড়া আর কিছু নয়। আগুন সন্ত্রাস ও অপকর্ম যারা করে তাদের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করা হবে। ঘোলা পানিতে মাছ শিকারের কুমতলব আবারও শুরু করেছে বিএনপি, এই কুমতলব থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
ওবায়দুল কাদের বলেন, ২০১৪ সালের আগুন সন্ত্রাসের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। বাসে অগ্নিসংযোগ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে। এসব অপচেষ্টা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে আওয়ামী লীগ কখনোই করবে না, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের বোঝা উচিত, মিথ্যাচার করা উচিত নয়। কোনো অপকর্ম করে কেউ ছাড় পাবে না। তথ্যপ্রমাণের ভিত্তিতে সব অপকর্মের বিচার করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সব বিশৃঙ্খলতার জবাব দেবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন, এরাই বিপদে পাশে থাকবে, আর সুবিধাভোগীদের হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরস্থায়ী নয়। সব কলহ থেকে আমাদের সরে আসতে হবে, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সভার কার্যক্রম পরিচালনা করেন দলের জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি। সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আখতার জাহান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, শহিদুল ইসলাম বকুল এমপি, রত্না আহমেদ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।