রাজধানীতে বাস পোড়ানোর মামলায় আগাম জামিন চেয়ে বিএনপির ১৫০ নেতাকর্মী গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ১৪টি পৃথক আবেদন দাখিল করেছেন। বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে বুধবার এসব জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ঐদিন ঢাকার বিভিন্ন স্থানে ১০টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ১৫টি মামলা করা হয়। এসব মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা আসনের বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, যুবদল ও ছাত্রদল সভাপতি এবং সাধারণ সম্পাদক, সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেনসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ে প্রায় ১৫০ নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন।
এ প্রসঙ্গে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল দৈনিক ইত্তেফাককে বলেন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে জাহাঙ্গীর হোসেন বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। তিনি ভোটের মাঠে ব্যস্ত ছিলেন। তাকেও এই মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। এসব মামলা হয়রানি ও ষড়যন্ত্রমূলক, বিধায় হাইকোর্টে আগাম জামিন চাওয়া হয়েছে।