চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী সোনালী ব্যাংক শাখার ক্যাশ কাউন্টার থেকে ৯ লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
ব্যাংকটির ঐ শাখার ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, সাধারণত দুপুরের দিকে উথলী বাজার জনশূন্য হয়ে পড়ে। ব্যাংকেও তেমন কোনো গ্রাহক থাকেন না। এমন সময় গ্রাহক সেজে তিন জন অস্ত্রধারী ব্যাংকে প্রবেশ করে। তারা সবাই হেলমেট পরিহিত ছিল। প্রথমে তারা গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবেশদ্বার বন্ধ করে দেয়। ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদেরও এক স্থানে জড়ো করা হয়। পরে ক্যাশ কাউন্টার থেকে প্রায় ৯ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তাদের মোটরসাইকেলটি ডুমুরিয়া হয়ে আন্দুলবাড়িয়ার দিকে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ব্যাংকের ভেতর থেকে একটি কার্তুজ উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, এএসপি (সার্কেল) আবু রাসেল, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, ইউএনও এসএম মুনিম লিংকন ও ওসি সাইফুল ইসলামসহ প্রশাসন, পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটি পরিদর্শন করেছেন।