সিলেটে পুলিশি নির্যাতনে নিহত রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগকারী সাইদুর রিমান্ডে

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আনা শেখ সাইদুর রহমানকে গতকাল রবিবার তিন দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। একটি প্রতারণা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় বলে জানান পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ উজ জামান। এর আগে দুপুরে আদালতে হাজির করে সাইদুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন জানায় পিবিআই। শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ অক্টোবর শেখ সাইদুর রহমানকে আটক করে পিবিআই। ঐ দিন বিকালে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর গত ২ নভেম্বর তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়। সৌদি রিয়াল দিয়ে প্রতারণার অভিযোগে সাইদুরের বিরুদ্ধে মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন প্রাইভেটকার চালক নগরীর লন্ডনি রোডের বাসিন্দা আফজাল হোসেন আলাল। এই মামলায় আজ সাইদুরকে রিমান্ডে নিয়েছে পিবিআই।

গত ১০ অক্টোবর মধ্যরাতে রাতে শেখ সাইদুর রহমান বন্দরবাজার এলাকার একটি রেস্টুরেন্টে থাকা কয়েক জন পুলিশ সদস্যকে জানান, তিনি কাস্টঘর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। তার অভিযোগ পেয়ে রাত আড়াইটার দিকে কাস্টঘর থেকে রায়হানকে তুলে নিয়ে আসে পুলিশ। এরপর তাকে পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন চালানো হয়। পরদিন সকালে আহত রায়হানকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেকে এলাহী। সকাল আটটার দিকে হাসপাতালেই মারা যান রায়হান।

এ ঘটনায় রায়হানের স্ত্রী হত্যা ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে থানায় মামলা দায়ের করেন। এরপর বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিন জনকে প্রত্যাহার করা হয়। আকবর প্রায় এক মাস পলাতক থাকার পর গ্রেফতার হন এবং বর্তমানে তিনি পিবিআইর রিমান্ডে আছেন। উল্লেখ্য, মামলাটি পিবিআই তদন্ত করছে।

রায়হানের মাকে ৫০ হাজার টাকা প্রদান

সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত যুবক রায়হান আহমেদের মা সালমা বেগমকে জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এ টাকা সালমা বেগমের হাতে তুলে দেন। এ সময় রায়হানের চাচা ও মামাতো ভাই উপস্থিত ছিলেন।

রায়হান হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়াকে গ্রেফতার করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সালমা বেগম। রায়হান হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হবে বলে তার মাকে আশ্বস্ত করেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন।

রায়হানের মাকে নগদ টাকা এবং রায়হানের শিশুসন্তানের জন্য কিছু উপহারসামগ্রী প্রদান করা হয়। এ সময় সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুত্ফর রহমান, সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।