চট্টগ্রাম নগরীতে নকশাবহির্ভূত ভবনের ছড়াছড়ি

চট্টগ্রাম মহানগরীতে নকশাবহির্ভূত ভবনের ছড়াছড়ি। অধিকাংশ ভবনই কমবেশি নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ করা হয়েছে। এজন্য ভবন মালিকরা যেমন দায়ী, তেমনি সংশ্লিষ্ট তদারকি সংস্থা তথা সিডিএ-এর কিছু অসাধু কর্মকর্তাও জড়িত বলে অভিমত সংশ্লিষ্টদের।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, নগরীতে নকশা ছাড়াও বহু ভবন নির্মাণ করার অভিযোগ রয়েছে। সিডিএ সূত্রে জানা গেছে, নকশাবহির্ভূতভাবে নির্মিত নির্দিষ্ট কয়েকটি ভবনের বিষয়ে দুইদিন ধরে তদন্ত চালান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন তদন্ত কমিটি। গত শনি ও রবিবার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মমতাজ উদ্দিন ও উপসচিব মাহবুবুর রহমান একাধিক ভবনের বিষয়ে তদন্ত করেন। সিডিএ সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, অসংখ্য অবৈধ ও নকশাবহির্ভূত ভবন ও স্থাপনা রয়েছে এই নগরীতে। গুটিকয়েক চিহ্নিত ভবন ও স্থাপনা তদন্তে পুরোপুরি সফলতা আসবে না।

সম্প্রতি সিডিএ-এর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ নকশা দেওয়ার পূর্বে প্রতিটি জায়গা সরেজমিনে দেখার নির্দেশ দিয়েছেন। একইভাবে নকশাবহির্ভূত ও অর্ধেক স্থাপনা নির্মাণ রোধে সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশও প্রদান করেছেন। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত টিমের প্রধান মমতাজ উদ্দিন গতকাল রবিবার ইত্তেফাককে জানান, তারা সুনির্দিষ্ট বিষয়ে তদন্তের জন্য সিডিএ-তে এসেছেন।