পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমেরিকায় যে নতুন সরকার আসছেন তারা অত্যন্ত সলিড ও ম্যাচিউরড রাজনীতিবিদ। তাদের সঙ্গে আমরা আগেও কাজ করেছি। তারা হিউম্যান রাইটস ইস্যুতে খুব সোচ্চার। রোহিঙ্গা ইস্যুতে হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছে। সেক্ষেত্রে মনে করি, আমরা আমেরিকার কাছে শক্তিশালী অবস্থান পাব। তাছাড়া আমাদের একটা বড় ইস্যু ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ বিষয়েও এই বাইডেন সরকারের কাছে আমরা যথেষ্ট সহায়তা পাব।’
গতকাল রবিবার দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ তাদের প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে লিপ্ত। কিন্তু আমাদের চিহ্নিত কোনো শত্রু নেই। বর্তমান সরকার আলোচনার মাধ্যমে সকল দ্বি-পাক্ষিক বিষয় সমাধানে বিশ্বাসী। প্রতিবেশী দেশের সঙ্গে স্থল, সমুদ্রসীমা ও গঙ্গার পানি বণ্টন বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হয়েছে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপাধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক, কলেজ শিক্ষক সমিতির পক্ষে প্রফেসর জোবায়দা আয়েশা সিদ্দিকা বক্তৃতা করেন। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরআগে সকালে পররাষ্ট্রমন্ত্রী জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে এবং রাজশাহী কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করেন। মন্ত্রী তার মরহুম পিতার স্মৃতিবিজড়িত রাজশাহী কলেজের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।