ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরো তিন জন নিহত হয়েছে। গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী (দিনাজপুর) :ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী সাথী রাণী (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল চিরিরবন্দর উপজেলার আঞ্চলিক সড়ক তালপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাথী রাণী চিরিরবন্দর উপজেলার ভিনাইল ইউনিয়নের দুর্গাডাঙ্গা উচ্চ বিদ্যলয়ের দশম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের মনিন্দ্র নাথ রায়ের কন্যা। সাথী রাণী তার বাবার সঙ্গে সাইকেলযোগে তার মামাবাড়ি দুর্গাডাঙ্গা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর সাইকেলটিকে ধাক্কা দেয়। সাথী ট্রাক্টরের চাকার নিচে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে পাঠালে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার, রাজশাহী : নগরীর রাজপাড়া ও শাহ মখদুম এলাকায় গতকাল পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয় জন। আহতরা রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতরা হলেন, নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকার ফয়সাল (২৮) ও চারঘাট উপজেলার নওপাড়া এলাকার জামেরুলের (৪৮) পরিচয় জানা গেছে। তবে নগরীর দাসপুকুর এলাকায় নিহতের পরিচয় পাওয়া যায়নি।