স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত নন। গতকাল রবিবার সন্ধ্যায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ (রবিবার) রাজারবাগ পুলিশ হাসপাতালে গিয়েছিলাম। সেখানে দুই ঘণ্টা ছিলাম। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিত্সকেরা জানিয়েছেন, করোনা রিপোর্ট নেগেটিভ।’
এর আগে গতকাল রবিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ র্কমকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছিলেন, গতকাল রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কোস্টগার্ডের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন স্যারের। তবে প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে যাওয়ার ২৪ ঘণ্টা আগে কোভিড-১৯ টেস্ট করাতে হয়। সেজন্য শনিবার তারা আইইডিসিআরে নমুনা দেন। রাতে রিপোর্ট পাওয়ার পর জানা যায়, তারা দুজনেই করোনা পজিটিভ। তাই তারা গতকাল রবিবারের অনুষ্ঠানে আর অংশ নেননি।
তিনি আরো বলেন, তাদের দুজনের কারোরই করোনা-সংক্রান্ত কোনো উপসর্গ দৃশ্যমান নয়। তারা স্বাভাবিক কাজকর্মই করে আসছিলেন। কিন্তু রিপোর্ট পজিটিভ আসায় তারা দুজনেই আইসোলেশনে আছেন। অপু আরো বলেন, ‘আজ (রবিবার) স্বরাষ্ট্রমন্ত্রী আবার রাজারবাগ পুলিশ হাসপাতালে নমুনা দিয়েছেন। এখনো ফলাফল পাওয়া যায়নি।’