প্রধানমন্ত্রীকে জমি লিখে দিলেন সুখরঞ্জন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে নিজের জমি লিখে দিলেন বানারীপাড়ার প্রবীণ আইনজীবী সহকারী ও আওয়ামী লীগ নেতা সুখরঞ্জন ঘরামী। বরিবার দুপুরে বানারীপাড়ার চাখার সাব-রেজিস্ট্রি অফিসে প্রধানমন্ত্রীর নামে ৫ শতক জমি লিখে দেন তিনি। 

সুখরঞ্জন ঘরামী জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ উপহার হিসেবে তিনি জমি লিখে দিয়েছেন।

জানা গেছে, বরিশালের বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সীমান্তবর্তী বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার বাজার সংলগ্ন মহাসড়কের পাশে সুখরঞ্জন ঘরামীর নিজস্ব সম্পত্তি রয়েছে। সেখানে সম্প্রতি বানারীপাড়া উপজেলা পরিষদের অর্থায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণ করা হয়। এতে তিনি উচ্ছ্বসিত। আর এরপরই তিনি নিজের ৫ শতাংশ জমি প্রধানমন্ত্রীর নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নেন।

তার দীর্ঘদিনের বাসনা জীবনে একবার হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নিজ হাতে ওই দলিল দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

ইত্তেফাক/বিএএফ