ম্যাজিস্ট্রেট দেখে পালাতে গিয়ে পিকআপের চাপায় রিকশাচালকের মৃত্যু

মহাসড়কে চলাচল নিষিদ্ধ তিন চাকার যানবাহন রোধ করতে অভিযান চালায় বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালত। সেই অভিযান ও ম্যাজিস্ট্রেট দেখে ভয়ে পালাতে গিয়ে পিকআপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ব্যাটারিচালিত এক রিকশাচালক। গুরুতর আহত হয়েছেন এক যাত্রী।  

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় ফুটওভার ব্রিজের সামনে সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটকসহ নিহত রিকশাচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহত রিকশাচালকের নাম ইয়াসিন (৩৮)। তিনি ডেমরার আমলিয়া থাকতেন। আহত ব্যক্তির নাম আশরাফুল (৩২)। 

স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, মিশুক এবং ভ্যানগাড়ি চলাচল রোধ করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ও মাদানিনগর মাদ্রাসার সামনে পৃথক দুইটি অভিযান পরিচালনা করছিল বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালত। 

সানারপাড়ে বিআরটিএ’র হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারের নেতৃত্বে অভিযানে থাকা লোকজন ব্যাটারিচালিত রিকশাটিকে আটক করতে চেষ্টা করছিলেন। এ সময় দ্রুত গতিতে ঘুরাতে গিয়ে একটি পিকআপের নিচে চাপা পরে মৃত্যু হয় ইয়াসিন মিয়ার। এ ঘটনায় রিকশাটির একজন যাত্রী আহত হন। 

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল জানান, ফুটওভার ব্রিজের নিচে রাস্তার পার হওয়ার সময় রিকশার সাথে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন। তার লাশ প্রো-এ্যাকটিভ হাসপাতালে রয়েছে।

অপর একজন গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে। তবে আহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় দায়ী পিকআপ চালককে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/জেডএইচ