মেসিদের পেরু-পরীক্ষা কাল

স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পেরুর আতিথ্য নিচ্ছে আর্জেন্টিনা। তার আগে লিওনেল মেসিদের চোখ রাঙানি দিচ্ছে শেষ এক যুগে পেরুর মাটিতে জয়হীনতা।

আপাতদৃষ্টিতে পেরু আর আর্জেন্টিনা, দুই দলই আছে দুই মেরুতে। মেসিরা প্রথম তিন ম্যাচের দুটিতে জয় আর একটি ড্র নিয়ে আছে পয়েন্ট তালিকার ওপরের দিকে। অন্যদিকে পেরু প্রথম তিন ম্যাচে পয়েন্ট পেয়েছে মোটে একটি, ব্রাজিল ও চিলির বিপক্ষে হেরেছে শেষ দুই ম্যাচেই। তবু ভেন্যুটা পেরু বলেই যত শঙ্কা আর্জেন্টিনার। শেষ ১২ বছরে বাছাইপর্বে তিনটি ম্যাচ খেলেছে এখানে দলটি, জয় নেই একটিতেও। ড্র করেছে তিনটি ম্যাচেই। তেমন কিছুর পুনরাবৃত্তি এবারও হলে বাছাইপর্বের শীর্ষস্থান নিয়ে শঙ্কা কেবল বাড়বেই আর্জেন্টিনার। এমন ম্যাচে মাঠে ফিরছেন লেফটব্যাক নিকোলাস টালিয়াফিকো, তার জন্য জায়গা ছাড়তে হতে পারে আগের ম্যাচের গোলদাতা নিকলাস গঞ্জালেসকে। এছাড়া আগের ম্যাচ থেকে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, ধারণা আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের।