স্পোর্টস রিপোর্টার
নেপালের বিপক্ষে ম্যাচ জিতে বাংলাদেশ প্রতিশোধ নিতে চেয়েছিল। প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে নেপালের প্রতিশোধ নেওয়ার পালা। নেপাল কি পারবে প্রতিশোধ নিতে। নেপাল বাংলাদেশ ফুটবল লড়াই অন্যরকম এক উত্তাপ ছড়ায়। এই দুই দলের লড়াইয়ে দুই দেশের ফুটবল দর্শকও বাড়তি আনন্দে মেতে উঠেন। নেপালের দশরথ স্টেডিয়ামে দেখা গেছে বাংলাদেশ নেপাল ম্যাচ হলে সেই উত্তেজনা। দর্শক উত্তেজনা মাঠে বাড়তি প্রেরণা দেয়। ঠিক একই রকম ভাবে ঢাকায়ও দেখা যাচ্ছে বাংলাদেশ নেপালের ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা।
সব উত্তেজনাকে থামিয়ে দিতে নেপাল আজ মরিয়া হয়ে মাঠে নামবে। নেপাল চ্যালেঞ্জ দিচ্ছে বাংলাদেশকে। শুক্রবার যেভাবে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল নেপালকে। পারলে এবার সেটা করে দেখাও। ভারত খাওয়াজ, অঞ্জন বিস্টা, সুজল শ্রেষ্ঠাদের চ্যালেঞ্জ। কোচ বাল গোপাল মহারজন শূন্য হাতে দেশে ফিরতে রাজি না। আজ বাংলাদেশকে হারাতে তাদের সর্বশক্তি কাজে লাগাবে গোর্খালিরা। বাংলাদেশকে নেপাল বলছে পারলে ঠেকাও আজ। নেপালের দুর্ভাগ্য হচ্ছে তারা ঢাকায় আসার আগেই ৬ ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছিলেন। আক্রান্তরা ঢাকায় আসেনি। তার পরও প্রথম ম্যাচ বলে খুব একটা সুবিধা করতে পারেনি হিমালয়ের দেশের খেলোয়াড়রা। এখন যারা দলে আছেন তাদের নিয়েই নেপাল আক্রমণাত্মক ফুটবল খেলবে। নেপাল প্রথম ম্যাচের বল পজেশনে ভালো দখলদারিত্ব ছিল। কোচ বাল গোপাল মহারজন বলছিলেন প্রথম ম্যাচ বলে আমরা সেদিন সুবিধা করতে পারিনি। তবে এবার অনেক কিছু জানা হয়ে গেছে, অভিজ্ঞতা হয়েছে যা আমাদের কাজে লাগবে।’
নেপালের সবচেয়ে বড় শক্তির প্রেরণা হচ্ছে কোচ। বাল মহারজন ঢাকার মাঠে খেলেছেন। কোচ হয়ে সফল হয়েছেন। ট্রফি নিয়ে গেছেন। বাংলাদেশের ফুটবলারদের পালস সম্পর্কে ভালো জানা আছে। বাংলাদেশের ফুটবলাররা কখন নিজেদের হারিয়ে ফেলে, কখন নিজেরাই ভুল করে বসে, সেগুলো মুখস্থ নেপাল কোচের। দুর্বল পয়েন্টগুলো কাজে লাগাতে ভুল করবে না। গত ম্যাচের ভিডিও দেখে বাংলাদেশের দুর্বলতা খুঁঁজে বের করেছেন নেপাল। বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে যদি করোনার কারণে মাঠে উপস্থিত থাকতে না পারেন তাহলে সেটাও নাকি নেপাল দলের জন্য প্লাস পয়েন্ট মনে করছেন কোচ। ‘জেমি না থাকা বাংলাদেশের জন্য অসুবিধা এবং আমার জন্য এটি সুবিধা—বললেন নেপালের কোচ।
বাংলাদেশের বিপক্ষে জীবন ম্যাচের প্রথম গোল করেছিলেন। সেই গোলটির জন্য নেপাল দায়ী করছে তাদের রক্ষণভাগকে। রক্ষণভাগে ডিফেন্ডার রণজিত ধিমাল ছিলেন না প্রথম খেলায়। আজ তিনি মাঠে নামবেন বলে গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন শেষে জানিয়েছে নেপাল। ধীমালে আস্থা পাচ্ছেন কোচ। নেপাল বলছে, ‘ডিফেন্ডিং থার্ডে আমরা ভুল করেছিলাম বলে গোল হজম করেছিলাম। গত তিন দিনে ডিফেন্স লাইন এবং আক্রমণ নতুন করে গড়ে তোলার কাজ করেছি। আশাকরি বাংলাদেশ পিছিয়ে যেতে বাধ্য হবে আজ।