টিপরা উপজাতি পল্লি হুমকির সম্মুখীন

সাতছড়ি পাহাড়ে ধস

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার সাতছড়ি পাহাড়ে ধসের কারণে সেখানে বসবাসরত টিপরা উপজাতি পল্লি ধ্বংসের সম্মুখীন হয়েছে। ইতিমধ্যে সাতটি পরিবারের মূল্যবান মালামালসহ বসতগৃহ ভেঙে গিয়ে পাহাড়ি ছড়ার পানিতে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বাড়িঘর হারিয়ে অন্যত্র সরে গেছেন। গত রবিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় অনেক বাড়িঘরের অংশ বিশেষ পাহাড়ের কিনারে ধ্বংসের প্রহর গুনছে। এছাড়া পাহাড়ের টিপরা পল্লির সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ একটি পাকা ব্রিজ নড়বড়ে অবস্থায় রয়েছে। যে কোনো সময় ব্রিজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত একটি পরিবার প্রধান সুনীল ভৌমিক (৫০) জানান, ভাঙন অব্যাহত থাকায় পাহাড়ে থেকে যাওয়া প্রায় ২০টি পরিবারের সদস্যরা আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন। টিপরা পল্লির হেডম্যানের পুত্র ব্যবসায়ী রিগেন দেব বর্মা জানান, বর্ষাকালে বৃষ্টিপাতের কারণে টিপরা পল্লির পার্শ্ববর্তী ছড়ায় বন্যা দেখা দিলে পাহাড়ে ভাঙন তীব্র আকার ধারণ করে। এ ব্যাপারে চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রেরিত টিন, সোলার লাইট এবং গৃহ নির্মাণের জন্য নগদ ৯ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া পাহাড়ে ভাঙন রোধের জন্য রিটেইনিং ওয়াল এবং নড়বড়ে পাকা ব্রিজটির স্থলে নতুন ব্রিজ নির্মাণের জন্য সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবমান উন্নয়নে গৃহীত কর্মসূচির অধীন প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করা হয়েছে।