সিরাজগঞ্জ পৌর নির্বাচন

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা

মাহমুদুল কবীর, সিরাজগঞ্জ প্রতিনিধি

আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনি তপশিল ঘোষণা না হলেও ইতিমধ্যেই তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন। কেউ কেউ গণসংযোগ ও এলাকাভিত্তিক সভা করছেন ভোটারদের আকৃষ্ট করার জন্য। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতাদের প্রচারণাই চোখে পড়ার মতো। বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতাদের প্রচারণা তেমন চোখে পড়েনি। প্রার্থীরা ভোটারদের কাছে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি নিজেদের যোগ্যতা তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ মুক্তা সিরাজী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি ইসহাক আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজগঞ্জ পৌরসভার বর্তমান প্যানেল মেয়র হেলাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা। এদিকে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীরা হলেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মুন্সী আলম, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক রশিদুল হাসান রন্জন, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক নুরুল কায়েস সবুজ। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণা শুরু করেছেন। তবে প্রত্যেক প্রার্থীই নিজ নিজ প্রচারণাকালে বলছেন, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস জানান, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। দলীয়ভাবে যাকে মনোনয়ন দেবে সেই হবে দলের প্রার্থী। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ জানান, আমাদের দল পৌর নির্বাচনে অংশ নেবে। তবে নির্বাচনি তপশিল ঘোষণার পর চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।