বরিশাল অফিস
মিল চালু ও বেতন-ভাতাসহ দুই দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ করেছে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। সোমবার বেলা ১১টায় নগরীর রুপাতলীতে সোনারগাঁও টেক্সটাইলের সামনে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। এ সময় সড়কের দুই পাশের প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে যাটজটের সৃষ্টি হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদসহ বিভিন্ন সংগঠন। বক্তব্য রাখেন সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সংগঠক হারুন শরীফ, ফরহাদ হোসেন ও বরিশাল জেলা বাসদের সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্য সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সকাল ১০টায় কারখানার সামনে অবস্থান নেন তারা। বক্তারা বলেন, প্রায় আট মাস ধরে সোনারগাঁও টেক্সটাইল বন্ধ রেখেছে মালিকপক্ষ। তাদের বেতন-ভাতাও বন্ধ রয়েছে। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম জানান, নভেম্বর মাসে দুই-একটি ইউনিট এবং ডিসেম্বরে পুরো কারখানা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।