নারীদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ
ইত্তেফাক রিপোর্ট
নারীদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হলো ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার অধীনে পুলিশের নারী সদস্যদের দ্বারা এই সেবা কার্যক্রম পরিচালিত হবে। আইজিপি ড. বেনজীর আহমেদ গতকাল সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. বেনজীর আহমেদ বলেন, সাইবার ক্রাইম একটি বৈশ্বিক সমস্যা। আমাদের দেশে সাধারণত ১৬ থেকে ২৪ বছরের নারীরা সাইবার জগতে এ ধরনের অপরাধে সবচেয়ে বেশি শিকার হয়। জাতিসংঘের একটি পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে বলেন, সাইবার অপরাধের শিকার ভিকটিমের চার ভাগের তিন ভাগ হলো নারী। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সাইবার স্পেস নিরাপদ রাখতে আমাদের এই উদ্যোগ। নতুন এই ইউনিটের বিশেষত্ব হলো এখানে যারা সেবা দেবেন, তদন্ত করবেন, তারা সবাই পুলিশের নারী সদস্য। যার ফলে ভিকটিমরা নির্দ্বিধায় তাদের সমস্যাগুলো বলতে পারবেন।
আইজিপি আরো বলেন, কোনো ভিকটিম চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে ৯৯৯ এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। আমরা চাইব, আজকে এটি উদ্বোধন হওয়ার পর থেকে যারা চাইবেন তারা যেন আমাদের থেকে সেবা নেন। আমরা সাইবার জগতকে নিরাপদ করতেই এ উদ্যোগ নিয়েছি।
যেসব অপরাধের ক্ষেত্রে এখানে অভিযোগ করা যাবে তা হলো, ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া, সোশ্যাল মিডিয়ার আইডি হ্যাক করা বা হ্যাক করার মাধ্যমে প্রতারণা, ছবি বা ভিডিও এডিট করে ছড়িয়ে দেওয়ার হুমকি, কারো ছবি ব্যবহার করে আপত্তিকর কন্টেট দিয়ে ফেইক আইডি তৈরি করা, ফোন নম্বর বিভিন্ন খারাপ পোস্টে/সাইটে ছড়িয়ে দেওয়া, সাইবার বুলিং ও হ্যারেসমেন্ট, অনলাইনে আপত্তিকর ছবি/ভিডিও/তথ্য ফাঁস করার হুমকি দিয়ে অর্থ দাবি করা এবং যৌন হয়রানিমূলক মেসেজ/মেইল/লিংক পাঠানো।
নতুন এই কার্যক্রমের সেবা দেওয়ার জন্য একটি হটলাইন নম্বর (০১৩২০-০০০৮৮৮) চালু করা হয়েছে। এছাড়াও ই-মেইল-(cybersupport.women@police.gov.bd) ও ফেসবুক পেইজে (URL: https://m.facebook.com/PCSW.PHQ/) মেসেজ করে ভুক্তভোগী নারীরা তাদের অভিযোগ জানাতে পারবে।