ধামরাইয়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ের ফুকুটিয়া এলাকায় বেতন পরিশোধের দাবিতে গতকাল কারখানা চত্বরে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় কয়েক জন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন নারী শ্রমিক জানান, সময় মতো বেতন চেয়েছি বলে তাদের নির্যাতন করা হয়েছে। কারখানার এক জন ইলেকট্রিশিয়ান ও হিসাবরক্ষণ কর্মকর্তা লোহার পাত দিয়ে নারী শ্রমিকদের মারধর করেছে বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগী শ্রমিকরা। এ সময় কোনো সাংবাদিককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। গতকাল সোমবারের এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ চার দিনের ছুটি ঘোষণা করেছে। প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল করিমের বক্তব্য পাওয়া যায়নি। তবে শিল্প পুলিশ পরিদর্শক মো. নাছির উদ্দিন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।